স্বাস্থ্য

মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মানুষের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সর্বজনীন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও সিন্ডিকেটমুক্ত করা হবে।

আজ শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

“মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী আমাদের প্রথম লক্ষ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা।”

মন্ত্রী আরও বলেন,

“সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও সিন্ডিকেটমুক্ত মন্ত্রণালয় গড়ে তোলার মাধ্যমেই চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। আমরা আশা করি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণরূপে পূরণ হবে।”

স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের দীর্ঘদিনের দাবি সমর্থন জানিয়ে বলেন,

“আপনারা দোয়া করবেন যাতে নরসিংদীতে দ্রুত মেডিক্যাল কলেজ করতে পারি। এছাড়া দেশে প্রয়োজনীয় সব স্থানে নতুন কলেজ করা হবে। নরসিংদীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও বন্ধ থাকা অন্যান্য হাসপাতাল দ্রুত চালু করা হবে। নরসিংদীতে দুটি আইসিইউ ইউনিটও স্থাপন করা হবে।”

একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন,

“যাঁরা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাঁদের ওপর যেমন দায় আছে, যাঁরা ভোট দেননি, তাঁদের প্রতিও সমান দায়ভার রয়েছে। সব প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সব বিদ্বেষ ভুলে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের নিয়ে নতুন সমৃদ্ধিশালী ও চেতনাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

  • জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন
  • সিভিল সার্জন সৈয়দ মো. আমিরুল হক
  • অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ
  • ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান
  • জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

BartaNow - বার্তানাও

বার্তানাও: বিশ্ব সংবাদ, সহজ ভাষায়। খবর জানো, সংযোগে থাকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button